ফেসবুকে স্ট্যাটাস দেয়া সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত | Daily AjKaler Kontho

ফেসবুকে স্ট্যাটাস দেয়া সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ৯:৪৯ অপরাহ্ন
ফেসবুকে স্ট্যাটাস দেয়া সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম আবাহনী লিমিটেড ক্লাবের জুয়া থেকে হুইপ সামশুল হক চৌধুরীর ৫ বছরে আয় ১৮০ কোটি টাকা’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়া সেই পুলিশ কর্মকর্তা মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

হুইপ নিজে বাদী হয়ে বুধবার ঢাকায় এ মামলা দায়ের করেন।

মামলাটি গ্রহণ করে আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে আসামিকে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

এদিকে ওই স্ট্যাটাস দেয়ার পর পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ হেড কোয়ার্টার।

বুধবার জারি করা এক আদেশে বলা হয় বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা তথা অসদাচরণের দায়ে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো।

ভারপ্রাপ্ত মহা পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ওই পত্রে আরও বলা হয়, বরখাস্ত পুলিশ পরিদর্শক সাইফুল আমিন ডিআইজি রংপুর রেঞ্জ পুলিশ কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

পুলিশ পরিদর্শক সাইফুল আমিনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের কথা স্বীকার করে হুইপ সামশুল হক চৌধুরী বুধবার বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হয়ে পুলিশ পরিদর্শক সাইফুল আমিন নিজের ফেসবুক আইডি থেকে একটি ডাহা ও আজগুবি মিথ্যা কথা লিখে জনমনে যে বিভ্রান্তি তৈরি করেছেন আমি তার নিরসন চাই। মূলত এ কারণেই সত্য প্রতিষ্ঠা করতে আইন প্রণেতা হিসেবে আমি আইনের আশ্রয় নিয়েছি। তার বিরুদ্ধে সাইবার ট্র্যাইব্যুনালে মামলা করেছি।’

তিনি বলেন, ‘মামলা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ হেডকোয়ার্টার।’