পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার | Daily AjKaler Kontho

পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। ফোনটি ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।

গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।