জাপান ও ইইউ থেকে আসছে ৩৫ লাখ টিকা | Daily AjKaler Kontho

জাপান ও ইইউ থেকে আসছে ৩৫ লাখ টিকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২১, ৯:০৭ অপরাহ্ন
জাপান ও ইইউ থেকে আসছে ৩৫ লাখ টিকা

চলতি মাসেই করোনাভাইরাসের ৩৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে আগামী সপ্তাহে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখের মতো টিকা আসবে। আর চলতি মাসের শেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখের মতো টিকা আসবে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ওরা (জাপান) অন্য দেশকে টিকা দিয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। তারা বলেছে, আমাদের দেবে তবে সঠিক পরিমাণটা বলেনি। বড় অংকের টিকা জাপান দেবে, আশা করি আড়াই মিলিয়নের মতো হবে। যে কোনো দিন আসবে, আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্স থেকে টিকা দিবে, এটা আমরা পাব।

জাপান কোন টিকা দেবে- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। এসব বড় বড় দেশ বহু টিকা সংগ্রহ করেছে বা লাইন আপ করে রেখেছে।

ইইউ থেকে টিকা আসার বিষয়ে মোমেন বলেন, কোভ্যাক্সের আন্ডারে তারা (ইইউ) ১ মিলিয়ন (১০ লাখ) টিকা দেবে। আমাদের জেনেভার রাষ্ট্রদূত জানিয়েছে, ইইউ দেশগুলো থেকে আমরা এক মিলিয়ন টিকা পাব। এটা চলতি মাসের শেষের দিকে পাওয়া যেতে পারে।।