ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির | Daily AjKaler Kontho

ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২১, ১০:০৮ অপরাহ্ন
ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করে দেশটির জনগণের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, “পুরো বিশ্ব যখন জীবন ও জীবিকার অভূতপূর্ব ক্ষতির মধ্যে দিয়ে ধ্বংসাত্মক মহামারীর মধ্যে দিয়ে চলছে, তখন ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেরা মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়েছে। তারা আমাদের কাছ থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছে।”

বুধবার বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির আয়োজনে এবারের সম্মেলনের মূল্য প্রতিপাদ্য “সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন: ওপেনিং নিউ হরাইজন”।

২০১৭ সালে প্রথমবারের এই সামিট হয় কাজাখস্তানের রাজধানী আস্তানায়, যার বর্তমান নাম নূর সুলতান। সেই আয়োজনেও যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

বুধবার দ্বিতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।“

রোহিঙ্গা সঙ্কটও বাংলাদেশ, ওআইসি এবং বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হয়ে আছে মন্তব্য করে আবদুল হামিদ বলেন, “আমি ওআইসি ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এই সমস্যা সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষা এবং মর্যাদায নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে।”
বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণা, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্ব দেয় জানিয়ে রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ফিরিয়ে আনতে আমাদের বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণ করতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান ও আবিষ্কারের নতুন ক্ষেত্র উন্মোচিত করতে হবে। সুসংহত ও একনিষ্ঠভাবে গবেষণায় মনোনিবেশ করতে হবে। যাতে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আমরা এগিয়ে থাকতে পারি।”

রাষ্ট্রপতি দারিদ্র বিমোচন ও উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিকে ‘গেইম চেঞ্জার’ হিসেবে বর্ণনা করে ওআইসিভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ, ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনের শুরুতে ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতকে দায়িত্ব হস্তান্তর করে কাজাখস্তান।