জয়দেবপুর-কমলাপুর বিশেষ ট্রেন কমাবে যানজট | Daily AjKaler Kontho

জয়দেবপুর-কমলাপুর বিশেষ ট্রেন কমাবে যানজট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২১, ১১:০২ অপরাহ্ন
জয়দেবপুর-কমলাপুর বিশেষ ট্রেন কমাবে যানজট

ঢাকা-টঙ্গী-গাজীপুর সড়ক, যা দিয়ে প্রতিদিন ৩৭টি জেলার মানুষ যাতায়াত করে রাজধানীর সঙ্গে। কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে রাজধানী ঢাকার উত্তরা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার সড়কে অব্যাহত যানজট যেন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। মানুষের দুর্ভোগের বিষয়টি ভেবে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী রোববার থেকে বিশেষ এই ট্রেন চলাচল করবে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রচেষ্টায় ট্রেন সার্ভিসটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৬ জুন) রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজটমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিআরটি প্রজেক্ট উপহার দিয়েছেন কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীরগতিতে কাজ করায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বিশেষ করে বর্ষাকাল এলে এই দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়।’

‘বিআরটি প্রজেক্টে দায়িত্ব পালন করা সচিব, পিডিসহ সবাইকে প্রায় প্রতিদিনই কয়েকবার করে ফোন করছি, যাতে টঙ্গী-গাজীপুরবাসীসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ৩৭টি জেলার মানুষকে দুর্ভোগের হাত থেকে দ্রুত রক্ষা করা যায়। সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। গাজীপুর যাওয়ার বিকল্প সব সড়কে একসঙ্গে কাজ চলমান থাকায় বিকল্প সড়ক ব্যবহার করতে না পারায় দুর্ভোগ আরও বেড়ে গেছে।’

‘এই দুর্ভোগের হাত থেকে মানুষকে কিছুটা হলেও রক্ষা করতে বুধবার রাতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী রোববার হতে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছি’।

তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ‘জনগণের দুর্ভোগ লাগবে আমার পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জাহিদ আহসান রাসেল।’