‘করোনা মোকাবিলায় অন্য দেশের চেয়ে আমাদের কৌশল ভালো’ | Daily AjKaler Kontho

‘করোনা মোকাবিলায় অন্য দেশের চেয়ে আমাদের কৌশল ভালো’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৭, ২০২১, ৮:২০ অপরাহ্ন
‘করোনা মোকাবিলায় অন্য দেশের চেয়ে আমাদের কৌশল ভালো’

করোনাভাইরাস মোকাবিলায় যুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘করোনা মোকাবিলায় আমরা যুদ্ধ করে যাচ্ছি। অন্য দেশের তুলনায় আমাদের কৌশল খুবই ভালো। আমাদের মৃত্যুর সংখ্যা তুলনামূলক অনেক কম। করোনা মোকাবিলায় প্রতিরোধ ভ্যাকসিনকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আগামী জাতীয় বাজেটে এই প্রতিফলন ঘটবে। ভারতের পাশাপাশি অন্য সোর্স থেকে ভ্যাকসিন আনা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘করোনা মোকাবিলায় সারা পৃথিবীর দেশগুলো যখন হিমশিম খাচ্ছে তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক কিছু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিবেশী বিশাল রাষ্ট্র ভারতে দিনে তিন থেকে চার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যার ফলে অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা অনেক কম।’

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ও অসীম সাহসের সঙ্গে এদিকে যেমন করোনার সাথে যুদ্ধ করছেন অন্যদিকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌরসভার মেয়র নাদের বখত, খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের মালিক খন্দকার আলখাছ উদ্দিন, জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।