বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে নেওয়া হল ইসরাইল ভ্রমণের ‘নিষেধাজ্ঞা’ | Daily AjKaler Kontho

বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে নেওয়া হল ইসরাইল ভ্রমণের ‘নিষেধাজ্ঞা’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২১, ৬:৩২ অপরাহ্ন
বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে নেওয়া হল ইসরাইল ভ্রমণের ‘নিষেধাজ্ঞা’

বাংলাদেশের পাসপোর্টে লেখা ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ বাক্যটি থেকে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি বাদ পড়ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দিয়ে এখন থেকে লেখা থাকছে, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।

তবে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবত আছে এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এই ভুল ধারণা তৈরি হয়েছে কারণ সম্প্রতি বাংলাদেশ ই-পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বক্তব্যটি ছিল সেটি বাদ দিয়েছে।

গতকাল শনিবার সংবাদমাধ্যমটি বাংলাদেশের নতুন পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞা বাতিলের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।’ বিষয়টি নিয়ে শনিবার রাতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন একটি টুইট করেন।

এতে তিনি লিখেন, ‘বড় খবর! বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই যাতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত ও সমৃদ্ধ হতে পারে।’

টুইটে এ সংক্রান্ত একটি নিউজের লিংক শেয়ার করেছেন গিলাড কোহেন। ওই নিউজে পাশাপাশি দুই ছবিতে বাংলাদেশের নতুন ও পুরোনো দুটি পাসপোর্টের ছবি দেওয়া হয়েছে। প্রথমটিতে লেখা রয়েছে, ইসরায়েল ছাড়া দুনিয়ার সব দেশের জন্য বৈধ পাসপোর্ট। দ্বিতীয়টিতে লেখা দুনিয়ার সব দেশের জন্য বৈধ পাসপোর্ট। অর্থাৎ, নতুন পাসপোর্টটিতে ‘ইসরায়েল ছাড়া’ কথাটি উল্লেখ নেই।

ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও জেরুজালেম পোস্ট জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশভিত্তিক সাপ্তাহিক ব্লিটজকে নতুন পাসপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্লিটজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন জারি করা পাসপোর্টের ফলে বাংলাদেশের নাগরিকদের বৈধভাবে ইসরায়েল ভ্রমণের সম্ভাবনা উন্মোচিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে যেসব বাংলাদেশি নাগরিক ইসরায়েল ভ্রমণ করেছে বা দেশটিতে ভ্রমণের চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে ইসরায়েলের রাজধানী তেল আবিবে লেখকদের এক সম্মেলনে অংশ নিতে চেয়েছিলেন সাপ্তাহিক ব্লিটজ সম্পাদক সালাহ চৌধুরী। পরে তাকে কারাগারে যেতে হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বেশ কয়েকটি মুসলিম দেশ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান রয়েছে।

উল্লেখ্য, গাজায় গত ১১ দিন ধরে চলা ইসরায়েল-হামাস সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ২৩২ জনের। শুক্রবার (২১ মে) সকাল থেকে কার্যকর হয় হামাস-ইসরায়েল অস্ত্রবিরতি। এর ভেতরেই জানা গেলো এ পরিবর্তনের খবর।