ছুটির দিন হওয়ায় ঈদে ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপ দেখা গেছে দৌলতদিয়া ফেরিঘাটে। এসময় ব্যক্তিগত যানবাহনের চাপ ছিলো বেশি। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঘরে ফেরা মানুষের চাপও তত বাড়ছে।
দূর পাল্লার বাস বন্ধ থাকার কারণে যাত্রীদের পথে পথে অতিরিক্ত ভাড়া দিয়ে লোকাল বাস, ব্যক্তিগত প্রাইভেটকার ও ছোট যানবাহনে বাড়ি ফিরছেন। তবে অধিকাংশ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে অনিহা দেখা গেছে। গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন শত শত মানুষ।
দিনে ফেরি স্বল্পতার কারণে ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকগুলো রাস্তায় সিরিয়ালে থাকতে দেখা গেছে ফেরি পার হতে না পারায়। লকডাউনের আগে দিনে ১৮টি ফেরি অধিকাংশগুলো চলাচল করলেও বর্তমানে দিনে ৫টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর এতে যানবাহনের যানজট তৈরি হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় এবং আজ ছুটির দিন হওয়ায় ব্যক্তিগত যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। শুক্রবার ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। লকডাউনের কারণে দিনে ফেরি কম চলাচল করায় কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে রাতে ফেরির সংখ্যা বাড়িয়ে যানবাহন পার করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :