দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের ৬ মাস করে কারাদণ্ড | Daily AjKaler Kontho

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের ৬ মাস করে কারাদণ্ড


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের ৬ মাস করে কারাদণ্ড

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. নাইম (১৯), পিতা- মিজানুর রহমান এবং মো. মাজহারুল, পিতা- মৃত শাহজাহান, উভয় সাং- রাঘবপুর, ইউনিয়ন- সুবিল, উপজেলা- দেবিদ্বারকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন, দেবিদ্বারের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি