যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী | Daily AjKaler Kontho

যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজিদের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।

আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন সার্থক হবে। তখনে হবে আলোকিত লালমনিরহাট। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি আমরা উন্নয়নমূলক কাজও করছি।

মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়ে তাদের জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুঁজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিকভাবে এসব বিশ্লেষণ করা দরকার। মাদক খাব, নামাজ পড়ব তা এক সাথে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে। নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সব চেয়ে বড় পাহারাদার। আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দুই-একজন মাদকসেবী থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তিনি যেন স্বেচ্ছায় ইস্তফা নেন।

আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি