ডোমারের চিলাহাটিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ডোমারের চিলাহাটিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
ডোমারের চিলাহাটিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির মোট ১৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় চিলাহাটি সানফ্লাওয়ার স্কুল, ড্রিমল্যান্ড প্রি-ক্যাডেট একাডেমি ও স্কলার্স কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সানফ্লাওয়ার স্কুলের ৪৪ জন এবং ড্রিমল্যান্ড প্রি-ক্যাডেট একাডেমির ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের বৃত্তি পরীক্ষায় তার প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্রিমল্যান্ড প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক রাজিবুল আহসান বলেন, তার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শ্রেণির ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এ ধরনের পরীক্ষা তাদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ সৃষ্টি করবে, যা ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।

বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব নাহারে জান্নাত পান্না জানান, তিনি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মেধাবীদের উৎসাহিত করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিবছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে।

আজকালের কন্ঠ/আর বি