কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ | Daily AjKaler Kontho

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

সোমবার ৯ নভেম্বর,২৬ইং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি