গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা


এ,এস,মামুন গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

বরিশালের গৌরনদী বন্দরে বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস ও অবৈধ পণ্য বিক্রির দায়ে দুটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গৌরনদী বন্দরের অভি কসমেটিকস ও আবির কসমেটিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মামুন তালুকদার এবং গৌরনদী মডেল থানার এসএসআই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদনহীন ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে মানসম্মত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।