ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ উদ্ধার ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল | Daily AjKaler Kontho

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ উদ্ধার ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল


ময়মনসিংহ ব্যুরো চীফ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ উদ্ধার ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম কথিত হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. জয়নাল আবেদীন (৪০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গত ৯ অক্টোবর বিকেল ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানার দক্ষিণ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, ১০ গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।