দেবিদ্বারে বাজার মনিটরিংয়ে ২৮ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

দেবিদ্বারে বাজার মনিটরিংয়ে ২৮ হাজার টাকা জরিমানা


কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
দেবিদ্বারে বাজার মনিটরিংয়ে ২৮ হাজার টাকা জরিমানা

কুমিল্লা দেবিদ্বারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পার্কিং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার মনিটরিং কার্যক্রমে মো. ফয়সাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি দোকান ও কাঁচা সবজির দোকান পরিদর্শন করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করার অপরাধে দুই বাসচালককে মোট ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের অপরাধে একজন হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মোট ৮টি মামলা দায়ের করে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার/চালান সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।