দেবিদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
দেবিদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার

কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাঁপানগর, বিজলী পাঞ্জার ও সাইলচর গ্রামে সামাজিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এ আর আহমেদের উদ্যোগে গ্রামের কাঁচা ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাদা ও গর্তে ভরা কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করার কাজে অংশ নিতে দেখা যায় সংগঠনের স্বেচ্ছাসেবকদের।

এ কাজে ধর্মীয় ভেদাভেদ ভুলে সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। গ্রামের প্রবীণ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ঝুড়ি ও ক্যারেটে করে ইট বহন করে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষার সময়ে কাদা ও গর্তের কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সাংবাদিক এ আর আহমেদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে জানান তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও সাংবাদিক এ আর আহমেদ পথচারীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে রাস্তার পাশে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা টিউবওয়েল স্থাপনসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন।

স্থানীয়দের মতে, ব্যক্তি উদ্যোগে এমন সামাজিক কর্মকাণ্ড এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/আর বি