‎চেক ডিজঅনার মামলায় সাড়ে ৫ লাখ টাকার পরোয়ানাভুক্ত আসামি লোকমান গ্রেফতার | Daily AjKaler Kontho

‎চেক ডিজঅনার মামলায় সাড়ে ৫ লাখ টাকার পরোয়ানাভুক্ত আসামি লোকমান গ্রেফতার


‎মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
‎চেক ডিজঅনার মামলায় সাড়ে ৫ লাখ টাকার পরোয়ানাভুক্ত আসামি লোকমান গ্রেফতার

সাতক্ষীরায় সাড়ে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লোকমান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মির্জাপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। ​মামলার নথি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে এবং দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, আসামি লোকমান হোসেনের কাছে সাড়ে ৫ লাখ টাকা পাওনা ছিলেন। উক্ত টাকার বিপরীতে লোকমান একটি চেক প্রদান করলেও ব্যাংকে তা ডিজঅনার হয়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে পাওনা টাকা আদায়ে আতিয়ার রহমান বাদী হয়ে সাতক্ষীরা আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি লোকমান হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই সমীর ও তার টিম মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। ​মামলার বাদী মোঃ আতিয়ার রহমান বলেন, “দীর্ঘদিন ঘুরিয়ে টাকা না দেওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছিলাম। পুলিশ তাকে গ্রেফতার করায় ন্যায়বিচার পাওয়ার আশা জাগ্রত হয়েছে।” ​সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।