আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬ | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে বিপ্লব মন্ডল (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।

এদিকে পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক বিক্রি ও সেবনের সুযোগ দেওয়া হবে না। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি