
লক্ষ্মীপুরের রায়পুরে ‘শাহী হোটেল’ দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার সঙ্গে বিএনপির কোনো নেতার কাগজ-কলমে ন্যূনতম সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ব্যবস্থা নেওয়া হোক। তবে নির্দোষ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মেনে নেওয়া হবে না।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ বা ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে নির্দোষ নেতাকর্মীদের হয়রানি করা হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিবাদ করা হবে।
জানা গেছে, রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার অভিযোগে হোটেল মালিক হাবিব উল্যা আদালতে মামলা করেন। মামলায় শাহারিয়ার ফয়সাল, সুজন পাটোয়ারীসহ ছয়জনকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরোয়ানাভুক্ত অপর চারজন হলেন—যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।
সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাছসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে শাহারিয়ার ফয়সাল ও সুজন পাটোয়ারীসহ পরোয়ানাভুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।
তবে মামলাটি বর্তমানে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :