নেত্রকোনায় আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
নেত্রকোনায় আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনায় চাঞ্চল্যকর আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত আমির ফয়সালের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত ১ জুন জেলার উত্তর বিশিউড়া গ্রামে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে ফয়সালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে ফয়সালের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

পরে আহত অবস্থায় ফয়সালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাত ৩টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে নিহত আমির ফয়সালের বাবা নজরুল ইসলাম বলেন, তার ছেলে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মামলাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি