
নেত্রকোণায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ এ অসামান্য সাফল্য অর্জনকারী শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিকূলতা পেরিয়ে জিপিএ-৫ পাওয়া ১১ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহম্মদ, সদর উপজেলার ইউএনও মনিজা খাতুন।
জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, শারীরিক প্রতিবন্ধকতা ও তীব্র আর্থিক সংকট জয় করে জিপিএ-৫ অর্জন করায় জেলার বিভিন্ন উপজেলার ১১ জন শিক্ষার্থীকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সালমান ফারসি, ভূমিহীন কৃষকের সন্তান রোমানা আক্তার শশী, কামারের সন্তান পার্বন রাণী কর্মকার ও নাপিতের সন্তান অর্পনা রানী শিলসহ মোট ১১ জন মেধাবী।
একই সঙ্গে সর্বোচ্চ পাসের হারের ভিত্তিতে জেলায় এসএসসিতে শতভাগ পাস করা কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, দাখিলে কলমাকান্দার রামনাথপুর ডি.এস দাখিল মাদ্রাসা এবং ভোকেশনালে পূর্বধলার ইকরা টেকনিক্যাল এন্ড বিএম কলেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :