
পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল উত্তর মুরাদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই সুমন চন্দ্র হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর উত্তর মুরাদিয়া ওয়ার্ডের মুরাদিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে আসামির নিজ মালিকানাধীন চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, অভিযানকালে মো. রাসেল তার চায়ের দোকানে অবস্থান করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি চায়ের দোকান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে রাসেলের পরিহিত নীল রঙের ফরমাল প্যান্টের সামনের ডান পাশের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রতিবেদনে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, সাক্ষীদের উপস্থিতিতে দোকানের সামনের রাস্তার বৈদ্যুতিক বাতির পর্যাপ্ত আলোতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন/রুজু করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :