
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ডাসার উপজেলার ডাইআর বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ ও নিখোঁজের তিন দিন পরে কালকিনিতে মো. আনোয়ার গোমস্তা (৬৫) নামে এক কাঠমিস্ত্রির কোমরে ইট বাঁধা অবস্থায় খাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছলে কাঠমিস্ত্রি মো. আনোয়ার গোমস্তা গত শুক্রবার দুপুরে হঠাৎ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পরে রোববার সন্ধ্যায় সাহেবরামপুর এলাকার আন্ডারচর খালে এলাকাবাসী নিহতের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে ওই কাঠমিস্ত্রিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অন্যদিকে বাকপ্রতিবন্ধী ঠাকুর দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে যান। কাজের একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। সারাদিন বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার সকালে স্থানীয়রা ডাইআর বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, নিহত আনোয়ার গোমস্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, খবর পেয়ে ডাইআর বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :