
নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে আপন তিন ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকড়াইল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার শিকদার ও ইবাদত সিকদারের নেতৃত্বে এ হামলা হয়েছে স্বজনদের অভিযোগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. আতিয়ার রহমান শিকদারের ছেলে আমানত শিকদার (৩৮), আশরাফুল শিকদার (৪০) ও রুনু শিকদার (৪৩)।
ভুক্তভোগীদের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মাদক ব্যবসায়ী একই গ্ৰামের আজিজ শিকদের ছেলে খায়রুল, জামিরুল, রেজাউল, ইকরাম সহ আরো ৭-৮ জনের একদল সন্ত্রাসী রামদা, ছ্যানদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত মোতাবেক তাদের তিন ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা হলে তারা বলেন তাদের পক্ষের ৬জন আহত হয়েছেন। আহতরা নড়াইল সদর হাসপাতালসহ যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা মাদকের বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :