
পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ তুলে ধরে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. দেলোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার, ওহিদ সরওয়ার কালাম, মাকসুদ, আহমেদ বাইজিদ পান্না ও জেসমিন জাহান।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, সদ্য ঘোষিত যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :