
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ঝিনাইদহ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তপন রায় চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সদর উপজেলা সিভিল সার্জন , সদর থানা পুলিশ পরিদর্শক, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দীন, অংকুর নাট্য একাডেমীর পরিচালক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক শাহীনূর আলম লিটন, ঝিনাইদহ সদর উপজেলা জাসাস এর সভাপতি মোঃ শহিদুজ্জামান সাইদ সহ বিভিন্ন শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :