
লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ৮ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুপারি পাড়া নিয়ে শিশু রিসাদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিসাদের বুক, পেট ও বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করেন। এতে রিসাদ গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রিসাদের বাবা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। পরে পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :