রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে শামসুল-মোস্তফা প্যানেলের জয় | Daily AjKaler Kontho

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে শামসুল-মোস্তফা প্যানেলের জয়


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে শামসুল-মোস্তফা প্যানেলের জয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শামসুল ইসলাম মন্ডল–মোস্তাফিজার রহমান মোস্তফা প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) কুড়িগ্রাম ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৬৫ জন। এর মধ্যে মোট ৪৭৭টি ভোট কাস্ট হয়।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পেয়েছেন ২৫ ভোট। এ পদে বাতিল ভোটের সংখ্যা ১৬টি।

সেক্রেটারি পদে মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট। এ পদে বাতিল ভোট হয়েছে ১৯টি।

সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ হাসান জোবায়ের হিমেল। তিনি পেয়েছেন ৪৩৩ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া মোঃ শফিকুল ইসলাম বেবু ৪২৭ ভোট, মোঃ জহুরুল আলম ৪২৬ ভোট এবং মোঃ কফিল উদ্দিন আহমেদ ৪২৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে মোঃ মাসুম মিয়া ৩৬, মোঃ মাহমুদুল হাসান ২৪, নাহিদ হাসান ২৮ এবং মোঃ মতিয়ার রহমান ১৬ ভোট পেয়েছেন। এ পদে মোট ২২৫৩টি বৈধ ভোট পড়েছে, যা ৪৪৯ জন ভোটারের ভোটদানের মাধ্যমে এসেছে। বাতিল ভোট হয়েছে ২৮টি এবং মোট কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৪৭৭টি।

নির্বাচনের ফলাফলে শামসুল ইসলাম মন্ডল–মোস্তাফিজার রহমান মোস্তফা প্যানেলের সাত প্রার্থীই জয়লাভ করেছেন। এর মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি তৈরি হলো।