১২ দিন পর মায়ের সন্ধান পেলেন ছেলে, সাংবাদিকের তৎপরতায় কুষ্টিয়ায় নিখোঁজ রোকেয়া উদ্ধার | Daily AjKaler Kontho

১২ দিন পর মায়ের সন্ধান পেলেন ছেলে, সাংবাদিকের তৎপরতায় কুষ্টিয়ায় নিখোঁজ রোকেয়া উদ্ধার


মো: সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
১২ দিন পর মায়ের সন্ধান পেলেন ছেলে, সাংবাদিকের তৎপরতায় কুষ্টিয়ায় নিখোঁজ রোকেয়া উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ১২ দিন পর বেগম রোকেয়া (৫৮) নামে এক নারীর সন্ধান পেয়েছে তাঁর পরিবার। সাংবাদিকের তৎপরতায় বুধবার (২৬ আগস্ট) সকালে কুষ্টিয়া বাস টার্মিনাল সংলগ্ন কেনালপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

বেগম রোকেয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওসমানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভ্যানযোগে কুমারখালী বাজারে যাওয়ার পর নিখোঁজ হন রোকেয়া। এরপর পরিবারের সদস্যরা কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ১৯ আগস্ট কুমারখালী থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

মাকে খুঁজে পেতে ছেলে আলাউদ্দিন আহমেদ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে প্রচার এবং মাইকিং করেন। দীর্ঘ ১২ দিন পর বুধবার ভোরে সাংবাদিক মনোয়ার হোসেনের তৎপরতায় তাঁর মায়ের সন্ধান মেলে।

সাংবাদিক মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে রনি নামে এক ব্যক্তি মেসেঞ্জারে তাঁকে একটি নিখোঁজ বৃদ্ধার বিষয়ে তথ্য দেন। বিষয়টি যাচাই করে তিনি বেগম রোকেয়ার ছেলে আলাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ঠিকানা নিয়ে বুধবার সকালে কুষ্টিয়া বাস টার্মিনাল সংলগ্ন কেনালপাড়ার একটি বাড়ি থেকে রোকেয়াকে উদ্ধার করে তাঁর ছেলের কাছে পৌঁছে দেওয়া হয়।

আলাউদ্দিন আহমেদ জানান, প্রায় তিন বছর আগে তাঁর মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও কয়েকবার তিনি বাড়ি থেকে বের হয়ে আত্মীয়দের বাড়িতে চলে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। তবে এবার দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত আলাউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ১২ দিন পর মাকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

আজকালের কন্ঠ/আর বি