
ঝালকাঠি নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (২৪ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি নার্সিং কলেজের অধ্যক্ষ গীতা রানী সমাদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে মো. মমিন উদ্দিন তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন। কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জ, অর্জন ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতা, মানবিকতা, আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নার্সিং পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের পাশে দাঁড়ানো ও মানবসেবার একটি মহান দায়িত্ব। রোগীর প্রতি সহমর্মিতা, আন্তরিকতা ও দায়িত্ববোধ একজন দক্ষ নার্সের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে।
জেলা প্রশাসক বলেন, সময়ের সঙ্গে স্বাস্থ্যসেবার পরিধি ও চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে দক্ষ ও মানবিক নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ঝালকাঠি নার্সিং কলেজের নবীন শিক্ষার্থীরা নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তুলে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবীন বরণ পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :