
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবাদানকারীদের দক্ষতা বাড়াতে ঝালকাঠিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সদর হাসপাতালে কর্মরত পাঁচজন চিকিৎসক, সাতজন স্বাস্থ্যসেবিকা, একজন স্টোরকিপার ও একজন পরিসংখ্যানবিদসহ মোট ১৪ জন অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
এ সময় কর্মসূচির বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনা, রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, অসংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসার আওতায় রাখতে এনসিডি কর্নারের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি সরকারের একটি অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) শাখা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ অংশীদারত্বে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় এনসিডি কর্নার স্থাপন, প্রশিক্ষিত জনবল তৈরি, ডিজিটাল মাধ্যমে রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :