৫০ শয্যা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে ১৫১ শয্যা বিশিষ্ট: স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

৫০ শয্যা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে ১৫১ শয্যা বিশিষ্ট: স্বাস্থ্যমন্ত্রী


সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
৫০ শয্যা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে ১৫১ শয্যা বিশিষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর রবিবার (২৩ আগষ্ট) দুপুরে বদলগাছী উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলেন। এবং হাসপাতালের অপরিষ্কার টয়লেট ও বাথরুম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় স্বাস্থ্য মন্ত্রী জানান, “বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন ভেঙে নয়তলা নতুন ভবন নির্মাণ এবং হাসপাতালটি ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে।

এবং দেশের প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যসেবাকে ‘এক ছাতার নিচে ‘ নিয়ে আসার কার্যকর উদ্যোগ ও চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কেউ আর চিকিৎসার অভাবে মারা না যায়।”

স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, দেশের সকল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে প্রয়োজনীয় নতুন ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দ্রুত ক্রয় করার প্রক্রিয়া চলছে।

​প্রান্তিক এলাকার কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কানিজ ফারহানা,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি