
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
রোববার বেলা ১১টায় কচুয়া বাজারের রাজাপুর-কাঠালিয়া প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও এলাকাবাসী হামলার প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা হেলাল কিরণ, সাধারণ সম্পাদক মোঃ রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রীনা রানী, শেফালী রানীসহ অনেকে।
বক্তারা বলেন, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য বাজারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে রাজা ফকির (৩০) ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই পুলিশ রাজা ফকিরকে আটক করে।
এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুইজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের আইনগত শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :