লোহাগড়ায় জমি বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা-চাচি-বোন গুরুতর আহত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় জমি বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা-চাচি-বোন গুরুতর আহত


কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
লোহাগড়ায় জমি বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা-চাচি-বোন গুরুতর আহত

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার নেতৃত্বে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: ছায়মানাচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সাইফুর রহমানের ছেলে মোহাব্বত আলী ৫৫, তার স্ত্রী করিমুন্নেচা ৪৬ এবং মেয়ে শিউলি আক্তার ১৭।

স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মোহাব্বত আলীর সাথে তার ভাতিজা তবিবর মোল্যার পক্ষের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তবিবর মোল্যার নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, বল্লম ও বটি নিয়ে মোহাব্বত আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোহাব্বত আলী সাংবাদিকদের বলেন, “ওরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখায়। বিভিন্ন সময়ে আমার পালা-পোষা হাঁস-মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া আছে ও আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এসব বিষয়ে মীমাংসার জন্য আজ বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই তারা আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।” এটা সত্যিই কষ্ট দায়ক।

তিনি আরও বলেন, “এই নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আজকালের কন্ঠ/আর বি