গলাচিপায় ৬ চোরাই মহিষ আটক, মোবাইল ফেলে পালাল চোর | Daily AjKaler Kontho

গলাচিপায় ৬ চোরাই মহিষ আটক, মোবাইল ফেলে পালাল চোর


গলাচিপা উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
গলাচিপায় ৬ চোরাই মহিষ আটক, মোবাইল ফেলে পালাল চোর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ড থেকে আজ ৬টি চোরাই মহিষ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। মাদক ব্যবসা ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি সেখান থেকে পালিয়ে গেছে।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুতাবাড়িয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল ও মোশারেফ এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত। ঘটনার দিন তাদের বাড়ির সামনে ৬টি মহিষ বাঁধা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এর মধ্যে রুবেলের বাড়ির সামনে ৫টি এবং মোশারেফের বাড়ির সামনে ১টি মহিষ দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

​পরবর্তীতে মহিষগুলোর উৎস সম্পর্কে জানতে চেয়ে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করলে কোন সদুত্তর না দিয়ে এক পর্যায়ে হঠাৎ ঘটনাস্থল থেকে চম্পট দেয় রুবেল ও মোশারেফ। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করে।
​খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিষগুলোর সুরক্ষার স্বার্থে পুলিশ সাময়িকভাবে সেগুলোকে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রেখে এসেছে।

​এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মহিষগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে পালিয়ে যাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি