
কুমিল্লার মুরাদনগরে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিং মল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মুরাদনগর থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এরই মধ্যে ব্যবসায়ীদের মধ্যে প্রচারণা চালানো হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :