কেন্দুয়ায় ৭ লাখ টাকার মাছ চুরির অভিযোগ | Daily AjKaler Kontho

কেন্দুয়ায় ৭ লাখ টাকার মাছ চুরির অভিযোগ


সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি: প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
কেন্দুয়ায় ৭ লাখ টাকার মাছ চুরির অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপন তালুকদার, জাহেদ তালুকদার, শাহজাহান ও রতন মিয়াসহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী রোকনুজ্জামান খান রোকনের দাবি, গত ৭ আগস্ট গভীর রাতে অভিযুক্তরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সিংহেরগাঁও এগ্রো ফার্মের পুকুরে ঢুকে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়।এ সময় পুকুরের পাহারাদার আব্দুল্লাহ বাধা দিতে গেলে তাঁকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

পরদিন পুকুরে গেলে রোকনুজ্জামানকে গালিগালাজ এবং পুকুর ও হাঁসের খামারে বিষ প্রয়োগের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়ারও দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিপন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। অন্য অভিযুক্তদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর এস