পবিপ্রবিতে একযোগে ছয় নতুন স্থাপনার উদ্বোধন | Daily AjKaler Kontho

পবিপ্রবিতে একযোগে ছয় নতুন স্থাপনার উদ্বোধন


রাজিবুল ইসলাম, দুমকি প্রতিনিধি: প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
পবিপ্রবিতে একযোগে ছয় নতুন স্থাপনার উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একযোগে ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও অবকাঠামোগত সক্ষমতায় যুক্ত হলো নতুন মাত্রা।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ফিতা কাটা ও ফলক উন্মোচনের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়ের আওতায় ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন। ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা খামার ভবন।

এ ছাড়া ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি এবং ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আধুনিক আবহাওয়া স্টেশন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজ যে প্রকল্পগুলো উদ্বোধন করা হলো, তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করবে।”

তিনি আরও বলেন, “শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, রাষ্ট্রীয় এই সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের উন্নয়ন কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পরিচালক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস