
মাদারীপুরে একটি যাত্রীবাহী ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আশিক জমাদ্দার (১৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আশিক খোয়াজপুর গ্রামের লেয়াকত জমাদ্দারের ছেলে।
তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশিক নিজ বাড়ি থেকে ভ্যানে করে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন ভ্যানটিকে সামনা-সামনি ধাক্কা দেয়।
এতে আশিক ছিটকে সড়কে পড়ে যান এবং নসিমনটি তার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক গাড়িটি সনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :