লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী মোসা: নাসিমাকে (৪৭) মারপিট করেছে বলে জানা গেছে।

আবুল কালাম আজাদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মো: খোরশেদ মোল্যার ছেলে। তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ছিলেন। এবং বর্তমানে শালনগর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী। তিনি পেশায় একজন কৃষক।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে আহত আবুল কালাম আজাদের আপন বড় ভাই জাফর মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে পিটিয়ে জখম করেছে।

স্বজন সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও জানা গেছে, রমজান, কাদের, মঞ্জিলের নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সকলে বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান জানান, ঘটনার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি