রাণীনগরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী ছাত্র | Daily AjKaler Kontho

রাণীনগরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী ছাত্র


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
রাণীনগরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী ছাত্র

সোমবার (১০আগস্ট) সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাণীনগর উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী শিক্ষার্থী। উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আহনাফ সাদিক মাহিন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মোঃ জুনাইদ হাসান। দু’জনই রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

আহনাফ সাদিক মাহিন মোট ১১৯৫ নম্বর পেয়ে রাণীনগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ আব্দুস সামাদ ও রোজিনা খানমের ছেলে। মাহিনের বাবা-মা দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত। অন্যদিকে, একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জুনাইদ হাসান মোট ১১৯৩ নম্বর পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর এলাকার উজ্জ্বল রহমান ও জিন্নাত রেহানার ছেলে। তার মা পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরী করেন।

রাণীনগর উপজেলায় এসএসসি পরীক্ষার রেজাল্ট শীট ২০২৬ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এই উপজেলার মোট ২৭ টি উচ্চ বিদ্যালয় থেকে ১৩৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৫৬.৫৮ হারে মোট ৭৫৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয় এবং অকৃতকার্য হয় ৬০১ জন পরীক্ষার্থী। GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৪ জন যার সবগুলোই বিজ্ঞান বিভাগ থেকে, মানবিক বিভাগ থেকে কোন পরীক্ষার্থীর GPA-5 নেই। সর্বোচ্চ পাশের হার মধুপুর উচ্চ বিদ্যালয় ৮২.৯৮ এবং সর্বোনিম্ন পাশের হার মালশন মিলিগ্রাম উচ্চ বিদ্যালয় ২৩.৫৩। সর্বোচ্চ GPA-5 রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১৪ জন।

উপজেলা সেরা পরীক্ষার্থী মাহিন ও জুনাইদের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আহনাফ সাদিক মাহিন ও জুনাইদ হাসান পড়াশোনায় অত্যন্ত মেধাবী। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায়ও তারা অংশ নিয়েছে এবং একাধিকবার পুরস্কার ও সনদ অর্জন করেছে। তাদের ধারাবাহিক মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবেই এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য এসেছে। ফল প্রকাশের পর দুই শিক্ষার্থীর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু (এমপি) তার ভেরীফাইড ফেসবুক পেজে GPA-5 সহ কৃতকার্য সকল পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের সাফল্যে আমাদের পরিবার, শিক্ষক ও পুরো এলাকাবাসী গর্বিত। আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি এবং যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আন্তরিক সমবেদনা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সবশেষে তিনি আত্রাই-রাণীনগরের প্রতিটি শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি