
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শনকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি, রবীন্দ্রসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শন আজও বাঙালির জীবন ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে শিল্পীরা রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :