
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার ইলা বলেন, “যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আশ্বাস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে স্থগিত কর্মসূচি পুনরায় শুরু হবে এবং ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জি. এম. রনি বলেন, “বহিরাগতদের দ্বারা নারী শিক্ষার্থীদের হয়রানির চেষ্টা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়েছে, যা ইতিবাচক। তবে শুধু অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়াই যথেষ্ট নয়। আমরা চাই অভিযুক্তদের শনাক্ত করে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হোক, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সালেক খান বলেন, “একজন নারী শিক্ষার্থীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আমরা মর্মাহত। সম্প্রতি নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। আমরা চাই অভিযুক্তদের ক্যাম্পাসে এনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো হোক। প্রশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”
উল্লেখ্য শুক্রবার (৭ আগষ্ট) ক্যাম্পাসে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হয়রানি ও টিকটক ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন আড়ারদাহ গ্রামের বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে সুজন, একই গ্রামের ইতালি প্রবাসী বাবুর ছোট ভাই আব্দুর রহমান, ফুলসরা গ্রামের হাসিবসহ আরও কয়েকজন। তাদের শাস্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :