
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট এলাকায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ও জীর্ণ বিদ্যুৎ লাইনের ভয়াবহতা আবারও সামনে এসেছে। প্রায় ছয় বছর আগে একই ধরনের ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে এক ফেরিওয়ালার মর্মান্তিক মৃত্যুর পরও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ আগস্ট) সকালে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর দগ্ধ হয়েছেন মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার প্রিয়া।
স্থানীয়দের ভাষ্য, ১৯৯০ সালে স্থাপিত বিদ্যুৎ লাইনের তারগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য গাছের ডাল পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা ও সিনিয়র শিক্ষক মো. আবদুল লতিফ বলেন, “একই ধরনের দুর্ঘটনায় কয়েক বছর আগে কয়ালবাড়ি এলাকায় কামাল হোসেন নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল। এরপরও ঝুঁকিপূর্ণ তার পরিবর্তনের উদ্যোগ দেখা যায়নি। ফলে আজ আবারও একটি প্রাণসংহারী দুর্ঘটনা ঘটল।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত প্রতিস্থাপন এবং অবহেলার বিষয়ে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :