কলারোয়া সীমান্তে মাদক-চোরাচালানবিরোধী অভিযানে বিপুল মালামাল জব্দ | Daily AjKaler Kontho

কলারোয়া সীমান্তে মাদক-চোরাচালানবিরোধী অভিযানে বিপুল মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
কলারোয়া সীমান্তে মাদক-চোরাচালানবিরোধী অভিযানে বিপুল মালামাল জব্দ

অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, কুশখালী ও পদ্মশাখরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, মোটরসাইকেল, ইয়াবা ও উইনকোরেক্স সিরাপ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ২,৩৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৯/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৫২,৫০০/- টাকা মূল্যের ১৫ কেজি ভারতীয় গাঁজা আটক করে। এছাড়াও, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২-এস হতে আনুমানিক ১কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ২,১৩,২০০/- টাকা মূল্যের ৩৩ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও মোটরসাইকেল আটক করে।

আভিযানিকদল সর্বমোট=৭,০৯,৭০০/-(সাত লক্ষ নয় হাজার সাতশত) টাকা মূল্যের মাদকদ্রব্য/চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি