
আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করে তুলতে সিলেটের গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা সায়মা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, উপপরিচালক তানভীর আহমদ, উপপরিচালক পার্থ জ্যোতি দে এবং কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক অশোক দাসসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী। বক্তারা শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় স্টুডেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে বিভিন্ন ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আয়োজনে লিড ব্যাংক হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে পূবালী ব্যাংক পিএলসি, গোলাপগঞ্জ শাখা। শাখা ব্যবস্থাপক শৈলেন সরকারের নেতৃত্বে ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :