
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পতন ঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শহীদনগর বাজার, পতনঊষার চৌমনি এলাকায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় পথচারী, গাড়িচালক, অটোরিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিদের বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক, উপদেষ্টা সাজিদুর রহমান সাচ্চু, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এহিয়া আহমদ রাফি, সহ-সভাপতি জালাল উদ্দিন সাফি, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের সংগঠন মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই—মানবতার দায়িত্ব পালন করি সবাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আমরা সমাজে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চাই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের প্রতি অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের সংগঠনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন। পরিবেশবান্ধব এ উদ্যোগে সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :