ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে গ্রাহক, সমন্বয়ের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ | Daily AjKaler Kontho

ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে গ্রাহক, সমন্বয়ের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে গ্রাহক, সমন্বয়ের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। গ্রাহকদের অভিযোগ, “সমন্বয়” (Adjustment) এর নামে বিদ্যুৎ বিলে অতিরিক্ত হাজার হাজার টাকা যোগ করে আদায় করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরের বিভিন্ন এলাকার একাধিক গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, যাদের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে থাকত, চলতি মাসে তাদের অনেকের বিল এসেছে ২ হাজার থেকে ৩ হাজার টাকারও বেশি। একজন গ্রাহক জানান, তার নিয়মিত বিল ছিল প্রায় ৭০০ টাকা। কিন্তু এ মাসে বিল এসেছে ২ হাজার ৬০০ টাকা। এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ টাকা “সমন্বয়” হিসেবে যুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের প্রশ্ন, “যদি এটি সমন্বয়ই হয়, তাহলে পুরো টাকাটা এক মাসেই কেন আদায় করা হচ্ছে? আগামী মাসেও তো নিয়মিত বিল, মিটার ভাড়া ও অন্যান্য চার্জ পরিশোধ করতে হবে। তাহলে এই সমন্বয়ের ভিত্তি কী?”

আরেক গ্রাহক বলেন, “প্রতিবছরই একই ধরনের সমস্যা দেখা যায়। সমন্বয়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। আমরা এর স্বচ্ছ ব্যাখ্যা চাই।”
গ্রাহকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ বা বিস্তারিত হিসাব ছাড়াই সমন্বয়ের নামে অতিরিক্ত অর্থ বিলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। তাদের দাবি, এভাবে জেলার অসংখ্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হলে এর পরিমাণ বিপুল অঙ্কে পৌঁছাতে পারে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, “আমরা সমন্বয়ের বিষয়টি নিয়ে কাজ করছি এবং সমস্যার সমাধানের চেষ্টা করছি। কোনো গ্রাহকের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বিস্তারিত বক্তব্য জানতে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গ্রাহকদের দাবি, শুধু আশ্বাস নয়; সমন্বয়ের নামে অতিরিক্ত অর্থ যোগ করার কারণ, হিসাব ও সময়কাল প্রকাশ করতে হবে। একই সঙ্গে যেসব গ্রাহকের বিলে অসঙ্গতি রয়েছে, সেগুলো দ্রুত সংশোধন এবং অতিরিক্ত আদায় হয়ে থাকলে তা সমন্বয় বা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে সচেতন নাগরিকদের মতে, বিদ্যুৎ বিলে “সমন্বয়” করা হলে তার কারণ ও হিসাব গ্রাহকের কাছে স্পষ্টভাবে তুলে ধরা উচিত। অন্যথায় এ ধরনের অভিযোগ ও জনঅসন্তোষ আরও বাড়বে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি