নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ | Daily AjKaler Kontho

নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) সহকারী প্রকৌশলী মো. রাসেল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অবৈধভাবে নোটিশ অব অ্যাওয়ার্ড (NOA) প্রদান এবং জুন ক্লোজিংয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

গত ৬ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবর দেওয়া ওই আবেদনে অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা টেন্ডার মূল্যায়ন ও বাস্তবায়নে গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত।

অভিযোগে উল্লেখ করা হয়, M/S C M Construction নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিল করা কাজের অভিজ্ঞতা সনদ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই গ্রহণ করা হয়েছে। এছাড়া ই-জিপি (e-GP) সিস্টেমে কাজের সময়সীমা ও সমাপ্তির তারিখ নিয়ে অসঙ্গতি থাকার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়— যথাযথ ক্রস-ভেরিফিকেশন ছাড়াই সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ অব অ্যাওয়ার্ড (NOA) প্রদান করা হয়েছে।

মাঠ পর্যায়ে কাজের গুণগত মান ও প্রকৃত পরিমাপ (Actual Measurement) যাচাই না করেই জুন ক্লোজিংকে কেন্দ্র করে বিল উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগকারী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি