লোহাগড়ায় জমি বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

লোহাগড়ায় জমি বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১, হাসপাতালে ভর্তি


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৪:১১ অপরাহ্ন
লোহাগড়ায় জমি বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১, হাসপাতালে ভর্তি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের চর বালিদিয়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পাট কাটার সময় এক কৃষকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোঃ শামিম মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়া গ্রামের সুরুজ মোল্যার ছেলে।

আহতের ছোট ভাই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে সোমবার (২৭জুলাই) লোহাগড়া থানায় ৯ জনকে নামীয় এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শামিম মোল্যা চর বালিদিয়া কাটাখালের উত্তর পাশে ফুল মিয়ার বাড়ির দক্ষিণে নিজ জমির পাট কেটে রাস্তার ধারে রাখছিলেন। এসময় চরবালিদিয়া গ্রামের দেলোয়ার মুন্সি, রাজু মুন্সি, দুখু মুন্সি, সুজন মুন্সি, বিল্লাল মুন্সি, হৃদয় মুন্সি, করিম মুন্সি, শামীম মুন্সি, আব্দুল্লাহ মুন্সি সহ আরও ৫/৬ জন রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামীরা প্রথমে শামিম মোল্যাকে ঘিরে ফেলে। এরপর রাজু মুন্সির নির্দেশে দুখু মুন্সি রামদা দিয়ে তার মাথার বাম পাশে কোপ মারে। সুজন ও হৃদয় মুন্সি হাতুড়ি দিয়ে কোমরের দুই পাশে আঘাত করে। দেলোয়ার মুন্সি ছ্যানদা দিয়ে বাম কলারবোনে এবং বিল্লাল মুন্সি চাইনিজ কুড়াল দিয়ে বাম চোখের ভ্রুর উপর কোপ দেয়। রাজু মুন্সি লোহার রড দিয়ে বুকে আঘাত করে। এক পর্যায়ে করিম, আব্দুল্লাহ ও শামীম মুন্সি তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে পাশের খাদের পানিতে ফেলে হত্যার চেষ্টা করে।

স্থানীয়দের চিৎকারে জামাল মোল্যা, আঃ হান্নান মুন্সি, খসরু মোল্যা ও বিপ্লব সহ অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এলাকাবাসী জানায়, আসামীদের সাথে ভিকটিমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

আজকালের কন্ঠ/আর বি